মুন্সিগঞ্জে বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্য সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় (২২) রঘুরামপুর এলাকার শাহ আলম মোল্লার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ইলেকট্রিশিয়ান হৃদয় বুধবার সন্ধ্যায় কালঞ্চিপাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করতে যায়। পরে সন্ধ্যায় ১তলা ভবনের ওপরে কাজের মাঝে হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হলে উপর থেকে নিচে পরে যায় যায়। এর আগে ভুলবশত হাইবোল্টেজ বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হলে ঝলসে যায় নিহতের শরীরের বিভিন্ন অংশ।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় নিহত হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।
এছাড়া নিহতের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। ফলে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে এমন দুর্ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে নিহতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি হচ্ছে জানিয়ে অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
.jpg)
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি