ময়মনসিংহের গফরগাঁওয়ে নির্বাচন-পরবর্তী সহিংসতায় জালাল উদ্দিন নামের এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে তার ছেলে লিটন মিয়া (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই গ্রামে এ ঘটনা ঘটে।জালাল উদ্দিন উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ছেলে গুলিবিদ্ধ লিটন মিয়া গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন বলেন, ‘গভীর রাতে সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা চালায়। বারান্দার গ্রিলে রামদা ও শাবল দিয়ে আঘাত করতে থাকলে ডাকাত ভেবে চিৎকার শুরু করি। একপর্যায়ে ঘরের ভেতর থেকে জানালা খুলে দেখার সময় বড় ছেলে লিটন মিয়াকে উদ্দেশ্য করে সন্ত্রাসীরা গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
জালাল উদ্দিন আরও বলেন, এরআগেও দুইবার আমার বাড়িতে হামলা করেছে এবং আমাদের কে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে। তবে আলামতগুলো গুলির নাকি বিস্ফোরকের (ককটেল) তা জানার চেষ্টা চলছে।
এরআগে গত ২৮ ডিসেম্বর মধ্যরাতে দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জালাল উদ্দিনের বসতঘরের চারটি কক্ষ পুড়ে যায়।
.jpg)
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি